গাজীপুরের শ্রীপুরের তেলিহাটী ইউনিয়নের সাইটালিয়া গ্রামে অবস্থিত গোল লাইন ব্লু বার্ড জিন্স কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে গতকাল রোববার জৈনা বাজার-গফরগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুব্ধ শ্রমিকেরা বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ শুরু করেন। পরে সাইটালিয়া বাজারের জৈনা বাজার-গফরগাঁও সড়কে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ সৃষ্টি করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষ প্রায় নয় মাস ধরে শ্রমিকদের নিয়মিত মজুরি-ভাতা দিচ্ছে না। তিন মাস ধরে কোনো বেতন-ভাতাদি দিচ্ছে না। শ্রমিকদের পাশাপাশি কর্মচারীদের বেতনও ফেব্রুয়ারি থেকে বকেয়া। মে মাসের বেতন জুনে চারবার তারিখ দিয়েও কর্তৃপক্ষ পরিশোধ করেনি। বেতন চাইলে মালিকপক্ষ ইচ্ছামতো শ্রমিক ও কর্মচারী ছাঁটাই করে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম শ্রমিকদের বেতন বকেয়া থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানা কর্তৃপক্ষ ৫ জুন বকেয়া পরিশোধের ঘোষণা দিয়েও তা রক্ষা করেনি। পরে ১৪, ২৩ ও ২৮ জুনও তারিখ ঘোষণা করে। ২৮ জুন শ্রমিকেরা কারখানায় দিনভর অপেক্ষা করেন। কিন্তু রাত আটটা পর্যন্ত মালিকপক্ষের কেউ কারখানায় আসেননি।জানতে চাইলে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিগগিরই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।