শ্রীপুরে সংঘর্ষে দুই শ্রমিক গুলিবিদ্ধসহ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কাঠামো অনুযায়ী বেতন ঘোষণার দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা সড়কের আমান টেক্সটাইলের শ্রমিকেরা গতকাল মঙ্গলবার কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এ সময় মালিকপক্ষের লোকজন, পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দুই শ্রমিক গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।গুলিবিদ্ধ শ্রমিক আল-আমীন (২৩) ও রতন মিয়াকে (২০) প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কারখানার শ্রমিক সাহিদা, তুহিন ও মোতালেব জানান, নতুন বেতনকাঠামো না মেনে কারখানা কর্তৃপক্ষ তাদের ইচ্ছেমতো বেতন তৈরি করে গতকাল (২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের জানিয়ে দেয়। এর প্রতিবাদে তিন হাজার ৯৬০ জন শ্রমিকের বেশির ভাগই উৎপাদন বন্ধ করে নতুন কাঠামো অনুযায়ী বেতনের দাবি জানান। শ্রমিক নজরুল, ইউসুফসহ কয়েকজন জানান, নতুন বেতনকাঠামোতে যেসব শ্রমিকের বেতন সাত হাজার টাকা কর্তৃপক্ষ তাঁদের বেতন কমিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা ঘোষণা করে। শ্রমিকেরা এর প্রতিবাদ জানালে কারখানার নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের লাঠিপেটা করেন। শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে কারখানার আসবাবপত্র ও জানালার কাচ ভাঙচুর করেন। এরপর তাঁরা কারখানার সামনে বৈরাগীরচালা সড়কে অবস্থান নেন। সেখান থেকে শ্রমিকেরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় কারখানায় নিয়োজিত আনসার সদস্যরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করলে ওই দুই শ্রমিক গুলিবিদ্ধ হন। নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন-ভাতা ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন কারখানার ব্যবস্থাপক (নিরাপত্তা) শাহ কামাল। তিনি বলেন, ‘শ্রমিকেরা অযৌক্তিক দাবিতে কারখানায় ভাঙচুর ও হামলা চালিয়েছে। এতে নিরাপত্তাকর্মী, কর্মকর্তাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।’ আনসারদের গুলিবর্ষণের ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।শ্রমিকদের নিবৃত করতে কাদানে গ্যাসের শেল ছুড়তে হয়েছে বলে স্বীকার করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসিনুল কাদির। ওই ঘটনায় আনসারদের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় শ্রমিকদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।