শ্রীপুরে সমবায় সহকারী পরিদর্শককে পেটালেন উপজেলা চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার চেয়ারম্যান মাহমুদুল গনি উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আবু মূসাকে মারধর করেছেন। জেলায় বাঁওড়ের বন্দোবস্ত নিতে দলীয় অমত্স্যজীবী ব্যক্তিদের মত্স্যজীবী সমিতির সদস্য না করায় গতকাল মঙ্গলবার দুপুরে কার্যালয়ে ডেকে এনে তাঁকে মারধর করেন। উপজেলার চেয়ারম্যান এ সময় উপজেলা সমবায় কর্মকর্তাকেও গালমন্দ করেন।মারধর ও গালমন্দ করার কথা স্বীকার করে উপজেলার চেয়ারম্যান মাহমুদুল গনি প্রথম আলোকে বলেন, ‘আমি তাঁকে মারধর করেছি। তবে বেশি মারিনি। ওঁর বদলির জন্য কাগজপত্র তৈরি করে রেখেছি। প্রয়োজন হলে সে ব্যবস্থাও করব।’কেন মারধর করলেন—এ কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘বেশ কিছু ব্যক্তি মত্স্যজীবী সমিতির সদস্যপদ থেকে বাদ পড়েছেন। আমি তাঁদের সদস্য করে নেওয়ার জন্য সমবায় কর্মকর্তাকে বলেছি। আজ (গতকাল) বিষয়টি জানতে সমবায় কর্মকর্তাসহ ওঁদের ডেকেছিলাম। আবু মূসা আমার মুখের ওপর কথা বলায় তাঁকে মারধর করেছি।’সমবায় কার্যালয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার গোয়ালদাহ বাঁওড় তিন বছরের জন্য বন্দোবস্ত দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করেন। আজ বুধবার দরপত্র বিক্রির শেষ দিন। কাল দরপত্র বাক্স খোলা হবে। শর্তানুযায়ী কেবল মত্স্যজীবী সমবায় সমিতির সদস্যরা ওই দরপত্রে অংশ নিতে পারবেন। কিন্তু উপজেলার চেয়ারম্যান বাঁওড়ের বন্দোবস্ত পেতে আওয়ামী লীগের কিছু অমত্স্যজীবী ব্যক্তিদের ‘আনন্দনগর মত্স্যজীবী সমিতি’ নামের একটি মত্স্যজীবী সমিতির অন্তর্ভুক্ত করতে গত সোমবার উপজেলা সমবায় কর্মকর্তার ওপর চাপ সৃষ্টি করেন। এমন দাবি পূরণে অপারগতা প্রকাশ করে উপজেলা সমবায় কার্যালয়। এতে চেয়ারম্যান ক্ষুব্ধ হন।নির্যাতনের শিকার আবু মূসা সাংবাদিকদের বলেন, ‘আমরা চাকরি করি। নিয়মের বাইরে যেতে পারি না। তা ছাড়া সমিতির সদস্য করার ক্ষমতা আমাদের নেই। মত্স্যজীবী সমিতির পরিচালনা পর্ষদ এটা করে থাকে। তাঁরাই নির্ধারণ করেন, কে ওই সমিতির সদস্য হবেন। এ কথা তাঁকে বললে তিনি আমাকে মারধর করেন।’উপজেলা সমবায় কর্মকর্তা শেখ মুজিবুর রহমান বলেন, ‘অমত্স্যজীবী লোকজনকে মত্স্যজীবী সমিতির সদস্য করার জন্য উপজেলার চেয়ারম্যান আমাদের ওপর চাপ সৃষ্টি করেন। গতকাল তিনি আমাদের তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। দুপুর ১২টার দিকে তাঁর কার্যালয়ে গেলে তিনি আমাদের অকথ্য ভাষায় গালাগাল করেন। সহকারী পরিদর্শক আবু মূসাকে সবার সমানে মারধর করেন। আমরা এখন আতঙ্কের মধ্যে আছি।’ইউএনও মিনা মাসুদ উজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাটি জানি। যাঁকে মারধর করা হয়েছে, তিনি সরকারের চাকরি করেন। উপজেলার চেয়ারম্যান কোনো অবস্থায়ই তাঁদের গায়ে হাত তুলতে পারেন না।’