শ্রীপুরে সহকর্মীর হাতে কারখানাকর্মী খুনের অভিযোগ
কর্মস্থলে বিরোধের জের ধরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালায় আসওয়াদ তৈরি পোশাক কারখানার একজন কর্মী তাঁর সহকর্মীর হাতে খুন হয়েছেন। গত সোমবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি খুন হন। ওই ব্যক্তির নাম আলাউদ্দিন বাবুল (৪৫)। তিনি ওই কারখানায় বয়লার অপারেটর হিসেবে কাজ করতেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মৃত করিম উল্লাহ ভূঁইয়ার ছেলে। খুনের ঘটনায় আলাউদ্দিনের ছোট ভাই মো. আল মামুন সফিউল্লাহ নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় হত্যা মামলা করেছেন।থানার উপপরিদর্শক (এসআই) অচিন্ত্য দেবনাথ মামলার বরাত দিয়ে জানান, আলাউদ্দিনের সঙ্গে সপ্তাহ খানেক আগে তাঁর সহকর্মী সফিউল্লাহর কর্মস্থলে কাজের বণ্টন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এতে সফিউল্লাহ আলাউদ্দিনকে হত্যার হুমকি দেন। সোমবার রাত নয়টার দিকে কারখানা থেকে বাসায় ফেরার পথে একটি বাগানের ভেতর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আলাউদ্দিনকে হত্যা করা হয়। এ ঘটনায় সফিউল্লাহ ও তাঁর ১২ জন সহযোগী জড়িত। সফিউল্লাহ মিরসরাইয়ের এসহাক ড্রাইভারহাট (লেঙ্গারহাট) গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে।ঘটনার পর থেকে সফিউল্লাহ ও তাঁর সহযোগীরা পলাতক রয়েছেন। আলাউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল দুপুরে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।