শ্রীপুরে সিরামিক কারখানাকে ১৪ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি সিরামিক কারখানাকে গতকাল মঙ্গলবার ১৪ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী বাজার এলাকায় গতকাল ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান চালিয়ে পাঁচজন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন। নষ্ট করেছেন ফরমালিনযুক্ত এক হাজার কেজি আম।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার গিলারচালা এলাকায় গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ নামের একটি সিরামিক কারখানায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে এ জরিমানা করেন। গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের একটি দল কারখানাটি পরিদর্শন করে এর বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বন্ধ পায়। কারখানার সৃষ্ট তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে কৃষিজমিতে ফেলার অপরাধে পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী গতকাল ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালককে দণ্ডিত করে ওই জরিমানা আদায় করেন। এ ছাড়া ১৫ আগস্টের মধ্যে জমিতে ফেলা সব তরল বর্জ্য অপসারণের নির্দেশ দেন। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হয়। পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান চালাচ্ছেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পা কুণ্ডু ও জেলা বাজার কর্মকর্তা আবদুস সালাম। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মকবুল হোসেনের আমের আড়তকে পাঁচ হাজার টাকা, শাহ্ জালাল ভান্ডার ফলের আড়তকে তিন হাজার এবং ফল ব্যবসায়ী কবির হোসেন, ভাই ভাই জেনারেল স্টোর ও মাছ ব্যবসায়ী আবদুর রশিদকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া আড়তগুলোর ফরমালিনমিশ্রিত এক হাজার কেজি আম জব্দ করে নষ্ট করা হয়।জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ দিলরুবা খান বলেন, পুরো রমজান মাস ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।