শ্রীপুরে সুতার কারখানায় ডাকাতি, বাধা দিতে গিয়ে নিরাপত্তাকর্মী নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বন্ধ হয়ে যাওয়া একটি সুতার কারখানায় ডাকাতির সময় বাধা দিতে গিয়ে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই নিরাপত্তাকর্মী। ডাকাতেরা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গত সোমবার দিবাগত রাতে তেলিহাটী ইউনিয়নে অবস্থিত জমজম সুতার কারখানায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম হালিম উদ্দীন (৩৬)। আহত ব্যক্তিরা হলেন ইসমাইল হোসেন (৩৮) ও আবদুর আজ্জাক (৪০)। আহত ব্যক্তিদের বাড়ি শ্রীপুরের আবদার গ্রামে।শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইসমাইল জানান, রাত দুইটার দিকে ১৫-২০ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কারখানার দেয়াল টপকে ভেতরে ঢোকে। তিন নিরাপত্তাকর্মী বাধা দিতে গেলে ডাকাতেরা তাঁদের হাত-পা বেঁধে ফেলে। তাঁরা যাতে শব্দ না করতে পারেন, সে জন্য ডাকাতেরা তাঁদের মুখও বেঁধে ফেলে। পরে কারখানা থেকে তারা তামার তার ও প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে যায়। হালিমের মুখ বাঁধার সময় কাপড়ে তাঁর নাকের ছিদ্রও বন্ধ হয়ে যাওয়ায় তিনি শ্বাস বন্ধ হয়ে মারা যান। ভোরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেয়।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাত খান মালামাল লুটের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।