শ্রীপুরে সোয়েটার কারখানায় শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদন মজুরি কম দেওয়ার প্রতিবাদে শ্রীপুরের মাস্টারবাড়ী এলাকার ওয়েলডান সোয়েটার কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। এ সময় শ্রমিকদের হামলায় কারখানার সহকারী প্রশাসনিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন, সময়নিয়ন্ত্রক আশরাফুল ইসলাম, নিটিং টেকনিশিয়ান সফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেন আহত হন।প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, জানুয়ারি মাসের বেতন-ভাতা পরিশোধ কারা হয় ৬ ফেব্রুয়ারি। ডিসেম্বর মাসের তুলনায় উৎপাদনমজুরি কম দেওয়ায় তাঁরা প্রতিবাদ জানান। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাতে কোনো ব্যবস্থা নেয়নি। গতকাল শ্রমিকেরা কারখানায় গিয়ে আবারও এর প্রতিবাদ জানান এবং কাজ বন্ধ করে দেন। পরে কারখানার অন্য বিভাগের কর্মকর্তারা তাঁদের চাপ দিয়ে কাজ করতে বাধ্য করায় কিছুসংখ্যক বিক্ষুব্ধ শ্রমিক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন।এ ব্যাপারে কারখানার নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, কোনো কারণ ছাড়াই শ্রমিকেরা কারখানায় ভাঙচুর চালিয়েছেন। এতে কারখানার বিভিন্ন বিভাগের যন্ত্রাংশ, ফটোকপিয়ার, কম্পিউটার ও নগদ দুই লাখ ৭৫ হাজার ৭৫০ টাকা লুটসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত চারজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ২০ শ্রমিকের নামে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, উৎপাদনমজুরি নিয়ে কারখানার কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা কারখানায় ভাঙচুর চালান।