শ্রীপুরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গত মঙ্গলবার নবম শ্রেণীর এক ছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার পরদিন মেয়েটির নানি দুজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেছেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।ধর্ষণের শিকার মেয়ে ও পুলিশ সূত্র জানায়, মেয়েটি শ্রীপুরে নানির বাড়িতে থেকে লেখাপড়া করে। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাকে নিয়মিত উত্ত্যক্ত করতেন বহেরারচাল এলাকার মো. তারেক (২০) ও তাঁর বন্ধু রাজীকুল ইসলাম (২২)। মঙ্গলবার বিকেলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে মেয়েটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথে ওই দুই বখাটে মোটরসাইকেল নিয়ে মেয়েটির গতিরোধ করে। তার চোখে-মুখ ওড়না দিয়ে বেঁধে মাথায় হেলমেট পরিয়ে পাশের রাথুরা এলাকার একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে বখাটেরা মেয়েটিকে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি অচেতন হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে তারেক ও রাজীকুল সন্ধ্যার দিকে মেয়েটিকে গ্রামের বাড়ির রাস্তার পাশে ফেলে পালিয়ে যান। পরে পথচারীরা মেয়েটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।শ্রীপুর মডেল থানার ওসি আমির হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।