শ্রীপুরে স্কুলের রাস্তা বাঁচাতে মানববন্ধন
গাজীপুরের শ্রীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা বাঁচাতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় সোহরাব হোসেন মোড়ল ওই বিদ্যালয়ের একমাত্র রাস্তাটি তাঁর নিজস্ব সম্পত্তি দাবি করে ৯ জুলাই রাস্তার একটি অংশ কোদাল দিয়ে কেটে ফেলেন। এতে মূল রাস্তাটি অত্যন্ত সরু হয়ে যায়। এই রাস্তাটি ৩০ বছর ধরে এই বিদ্যালয় ও এলাকাবাসীর চলাচলে ব্যবহৃত হয়ে আসছিল। হঠাৎ রাস্তা কেটে ফেলায় বিপাকে পড়েছে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা শারমিন বলেন, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে জানানো হয়েছে।
সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই জমি আমার। আমি প্রয়োজনে মামলা করব।’
মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘রাস্তা কেটে ফেলার বিষয়টি অন্যায় হয়েছে। আমার জানামতে, এটি রেকর্ডের রাস্তা। এই স্কুলটি দীর্ঘদিন ধরে রাস্তাটি ব্যবহার করে আসছে।’
শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘বিষয়টি জেনেছি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’