শ্রীপুরে সড়ক অবরোধ করে মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ৩
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর জাম্বুরীটেক এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাতটায় এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো: কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার শাহ আলমের ছেলে আবদুল মতিন (২১), ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কুষ্টিয়া গ্রামের আবদুল বারেকের ছেলে জায়েদুল ইসলাম (২০) ও বরিশাল জেলার উজিরপুর গ্রামের ময়ালকান্দি গ্রামের ইন্নছ আলীর ছেলে সজল (২০)।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, রাত দেড়টার দিকে শ্রীপুরের শিশুপল্লী-সাইটালিয়া মোড়ে একদল ডাকাত তিন মোটরসাইকেল (নং ঢাকা-মেট্রো-হ-১১-৮৩৫০) আরোহীর গতিরোধ করে তাদের কুপিয়ে আহত করে। আহত ব্যক্তিরা হলেন: টেংরা গ্রামের সামসুদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২২), আবুল কাশেম (৪০) ও আবদুস শহীদ (৩৫)। পরে ডাকাতেরা তাঁদের ব্যবহূত মোটরসাইকেল, মোবাইল ও নগদ ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়।