ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই শিশু নিহত ও দুজন আহত হয়েছে। গতকাল সোমবার ভোরে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এই হতাহতের ঘটনা ঘটে।স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় পিকআপের যাত্রী শেরপুর সদর উপজেলার ভূঁইয়ারচর গ্রামের আবুল কালামের মেয়ে খুশি (৮) ও তার ছোট বোন ময়না (চার মাস) ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় শিশু দুটির বাবা আবুল কালাম (৩১) ও মা বিউটি আক্তার (২৭) আহত হন। গুরুতর আহত বিউটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক জামালপুর সদর উপজেলার গাড়ামারচর গ্রামের লোকমান হোসেনও (৩৬) আহত হন।মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি শেরপুর থেকে ঢাকায় যাচ্ছিল।গাজীপুরে ব্যবসায়ী নিহত: গাজীপুর প্রতিনিধি জানান, জয়দেবপুর-ঢাকা সড়কের গাজীপুর সদর উপজেলার পূর্ব চান্দনা এলাকায় গতকাল ভোরে টেম্পো-লরির মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।নিহত ব্যক্তি হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার বালিয়াপাড়া এলাকার আল আমিন (২২)।পুলিশ সূত্র জানায়, গাজীপুর শহরের মুক্তমঞ্চের পাশের কয়েকজন সবজি ব্যবসায়ী একটি টেম্পো নিয়ে সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকার সবজি আড়তে যাচ্ছিলেন। গতকাল ভোরে জয়দেবপুরগামী একটি লরির সঙ্গে ওই টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবজি ব্যবসায়ী আল আমিন নিহত হন। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হন।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।