শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
রাজাবাড়ী-কাপাসিয়া সড়কের শ্রীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে সাতটায় মালবাহী ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় রাজাবাড়ী-কাপাসিয়া সড়কের মালিপাড়া নামক স্থানে কাপাসিয়াগামী প্রাইভেট কার ও রাজেন্দ্রপুরগামী মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক ব্যবসায়ী গাজীপুরের চান্দনা গ্রামের ইসরাইল খান (৪৫) নিহত হন। প্রাইভেট কারের অপর তিন আরোহী গুরুতর আহত হন। আহত ব্যক্তিরা হলেন: ইসরাইলের শাশুড়ি জোলেখা বেগম (৬৫), তাঁর স্ত্রীর ভাইপো তারেক (১৫) ও স্ত্রীর বড় বোন। প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ খবর পেয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে।