শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন। উপজেলার এমসি বাজার, রাজাবাড়ি সেতু এলাকা, মাওনা শ্রীপুর সড়কের বকুলতলায় ভিন্ন ভিন্ন সময়ে এ দুর্ঘটনাগুলো ঘটে। গতকাল রোববার ও আজ এসব দুর্ঘটনা ঘটে।

উপজেলার রাজাবাড়ি সেতুর কাছে গতকাল সড়ক দুর্ঘটনায় ধলাদিয়া ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী দীপা রাণী মল্লিক (১৮) নিহত হন। কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল হান্নান বলেন, সকালে অটোরিকশায় করে কলেজে যাওয়ার সময় কাপাসিয়াগামী একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে গাজীপুর শহিদ তাজ উদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৮টায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় একই বিভাগের আরও দুজন আহত হন। আহত আফরোজা (১৭) ও সুমা (১৮) স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

গতকাল দুপুরে মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা গ্রামে দ্রুতগতির ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। আহত ব্যক্তি উপজেলার কোষাদিয়া গ্রামের কবিরের ছেলে সজিব হোসেন ও একই এলাকার জাকিরুল ইসলামের ছেলে নাজমূল ইসলাম। দুজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এ দিকে আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় এনায়েত উল্লাহ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। সে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার হালিওরা গ্রামের সিরাজ উল্লার ছেলে। ঢাকাগামী একটি ডেলিভারি ভ্যান তাকে চাপা দিলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। গাড়িটি পুলিশের কাছে আটক আছে বলে জানিয়েছেন মাওনা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন।