শ্রীপুরে ১৭ বাড়ি ও দুটি দোকানে হামলা, লুটপাট
মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ছাবিনগর গ্রামে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সমর্থক দুটি পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১৭টি বাড়ি, দুটি দোকান ভাঙচুর ও লুটপাট হয়েছে। গ্রামের সাবু বিশ্বাস (৪৫) বলেন, ‘হামলাকারীরা আমার বাড়ি, দোকান ভাঙচুর ও লুটপাট করে নিয়ে গেছে।’ মুক্তার বিশ্বাস (৫২) বলেন, ‘আমার বাড়িতে আর কিছুই নেই। ধান-চাল সবকিছু লুট হয়ে গেছে। বাড়ির একটি পাকাঘরসহ চারটি ঘর ভেঙে চুরমার করে দিয়েছে তারা। বাড়ি করার জন্য ১৮ মণ লোহার রড ছিল তা-ও নিয়ে গেছে।’ছাবিনগর গ্রামবাসী সূত্রে জানা গেছে, গয়েশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর একজন মো. ইউসুফ আলী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ এম এস আকবর-সমর্থিত। অন্যজন তৃণমূল আওয়ামী লীগ-সমর্থিত মো. আবদুল হালিম। ইউপি নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে আবদুল হালিম জয়লাভ করেন। এরপর থেকে ওই দুই প্রার্থীর কর্মী-সমর্থকেরা বিরোধিতায় জড়িয়ে পড়েন। মঙ্গলবার সকালে চেয়ারম্যান আবদুল হালিমের সমর্থক ছাবিনগর গ্রামের আমিন বিশ্বাস (৪০) প্রতিপক্ষের হামলায় আহত হন। এ ঘটনার জের হিসেবে চেয়ারম্যানের সমর্থকেরা সন্ধ্যা ছয়টার দিকে গ্রামের সাবু জোয়ার্দার, সালামত বিশ্বাস, জালাল জোয়ার্দার, সায়েম বিশ্বাস, কালাম বিশ্বাস, আতিয়ার বিশ্বাস ও মুক্তার বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। প্রতিপক্ষ ইউসুফ আলীর সমর্থকেরাও পাল্টা হামলা চালিয়ে সমশের মোল্লা, বাবুল জোয়ার্দার, শহীদ শেখ, আকবর শেখ, আজিজ শেখ, বুলি লস্কর, বিল্লাল মিয়া, রেজাউল বিশ্বাস ও নুরুল ফকিরের বাড়ি ভাঙচুর করে। নুরুল ফকির (৬০) বলেন, ‘আমি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আমার বাড়িও ভাঙচুর-লুটপাটের হাত থেকে রক্ষা পায়নি। বাড়ির সঙ্গে আমার দোকানের লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে।’ আওয়ামী লীগের নেতা ইউসুফ আলী বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের দুজনের দ্বন্দ্বের কারণেই মূলত এসব হচ্ছে। এখন কী আর করার। সমাধানের পথ খুঁজতে হবে। পুলিশও হামলা-ভাঙচুর ঠেকাতে পারছে না।’ চেয়ারম্যান মো. আবদুল হালিম বলেন, ‘ইউসুফের পক্ষে সাংসদ থাকায় এ সমস্যার কোনো সমাধান হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে এ পরিস্থিতি থেকে মুক্তি চাই।’ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সালেক বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১০টি ফাঁকা গুলি ছোড়া হয়। পুলিশ এক পাশে গেলে হামলাকারীরা অন্য পাশে লুটপাট ও ভাঙচুর শুরু করায় ঠেকানো যায়নি। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।’গত ১৮ সেপ্টেম্বর এ দুজনের সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় ইউনিয়নের চণ্ডিবর ও কুশা ইছাপুর গ্রামে ৭২টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়।