শ্রীপুরে ৮ ডাকাতকে আটক করে পুলিশে দিল জনতা
গাজীপুরের শ্রীপুর পৌর শহরে ডাকাতির অভিযোগে আট ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।গ্রামবাসী জানান, গত শনিবার দিবাগত রাতে একদল ডাকাত পৌর শহরের আতিকুর রহমান মণ্ডল নামের এক ব্যক্তির বাসায় ডাকাতির পর পৌর এলাকার মাধখলা বনের ভেতর লুণ্ঠিত মালামাল ভাগ-বাঁটোয়ারা করছিল। গ্রামবাসী টের পেয়ে বন ঘিরে পাঁচ ডাকাতকে আটক করে পিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ আহত ডাকাতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গতকাল রোববার সকালে মাধখলার পাশের জিউসি গ্রাম থেকে দুজনকে ও স্থানীয় বাঘের বাজার রাস্তার পাশ থেকে আরও এক ডাকাতকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী।আটক ব্যক্তিরা হলেন: রাজু খান (২৯), মকবুল মোল্লা (২৮), দবির মোল্লা (২৬), মানিক মিয়া (৪০), জাহাঙ্গীর আলম (৩৮), শাহীন মিয়া (৩০), হালিম মিয়া (২৮) ও সোহেল বেপারী (২৭)।ডাকাতির শিকার আতিকুর রহমান বলেন, শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে কমপক্ষে ২০ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢোকে। পরে অস্ত্রের মুখে বাড়ির লোকজনের হাত-পা বেঁধে নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান জানান, এ ঘটনায় আতিকুর রহমান থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ডাকাত সদস্যদের সোমবার (আজ) আদালতে পাঠানো হবে। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।