শ্রীপুরের অস্ত্রধারীদের গ্রেপ্তারে নির্দেশ, নয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় পুলিশ প্রশাসন আজ রোববার অস্ত্রধারীদের গ্রেপ্তারের নির্দেশ দেয়। এই নির্দেশের পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ নয়জনকে আটক করেছে।
সংবাদপত্রে ছাপা অস্ত্রধারীদের ছবি আজ সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।
প্রথম আলোর প্রথম পাতায় ‘পুলিশের সামনেই অস্ত্রবাজি’ শিরোনামে খবর এবং অস্ত্রসহ শ্রীপুর উপজেলার বর্তমান চেয়াম্যান ইকবাল হোসেনের দেহরক্ষী কামরুল ইসলামের ছবি ছাপা হয়। এ ছাড়া সংঘর্ষের সময় তাঁর আরও কয়েকজন সমর্থককে অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায়।
পুলিশ সূত্র জানায়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অস্ত্রধারীদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে শ্রীপুর থানাকে নির্দেশ দিয়েছেন। পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান প্রথম আলোকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্রধারী যে দলেরই হোক, কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
বেলা একটার দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন প্রথম আলোকে জানান, সকাল থেকে অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়েছে। তবে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।