দুদিন বন্ধ থাকার পর গাজীপুরের শ্রীপুরের বেতঝুড়ি এলাকার ডিগনিটি পোশাক কারখানায় ফের উৎপাদন শুরু হয়েছে। বিজেএমইএ নেতা, প্রশাসন, মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতা বৈঠকের পর শ্রমিকেরা গতকাল শনিবার কাজে যোগ দিয়েছেন। জানা যায়, কারখানা বন্ধ করে দেওয়ার খবরে ১১ নভেম্বর থেকে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকেরা। এ অবস্থায় গতকাল সকালে চার পক্ষের মধ্যে জরুরি বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, নভেম্বর মাসে ঈদুল আজহার ছুটি বাদ দিয়ে ১৫ দিন কারখানার উৎপাদনের বিপরীতে ৩০ নভেম্বর বেতন-ভাতা দেওয়া হবে। কারখানা বন্ধ হয়ে গেলে শ্রম আইন অনুযায়ী সব শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা হবে। এরপর দুপুর সাড়ে ১২টা থেকে কারখানায় উৎপাদন শুরু হয়। বৈঠকে বিজিএমইএর যুগ্ম সচিব রফিকুল ইসলাম, শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক মহব্বত আলী, কারখানার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, প্রশাসনিক ব্যবস্থাপক ফিরোজ কবির প্রধান, শিল্প পুলিশের পরিদর্শক শাহজাহান ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভূঞা জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।