শ্রীপুরের পৌর মেয়রসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার মেয়রসহ সাবেক তিন কর্মকর্তাকে অভিযুক্ত করে পৃথক তিনটি দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পৌর করের ৫২ লাখ ৩ হাজার ৩১২ টাকা সরকারি তহবিলে যথাসময়ে জমা না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের উপসহকারী পরিচালক ফখরুল ইসলাম বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা শ্রমিক লীগের সভাপতি ও শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, সাবেক সচিব ও বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পৌরসভায় কর্মরত মাশরেকুল আলম এবং সাবেক হিসাবরক্ষক ও বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত আবদুল মান্নান।
৩৭ নম্বর মামলার বিবরণে বলা হয়েছে, ২০০২-এর নভেম্বর থেকে ২০০৪ সাল পর্যন্ত মেয়র আনিছুর রহমান পৌরসভার রসিদের মাধ্যমে ৯২ হাজার ৯৭৫ টাকা আদায় করে তা পৌর তহবিলে জমা না দিয়ে আত্মসাত্ করেছেন। এ মামলায় মেয়র এককভাবে অভিযুক্ত।
৩৮ নম্বর মামলার বিবরণে বলা হয়েছে, ২০০৯ সালে বাজার ইজারার ভ্যাট ও ট্যাক্সের ৭ লাখ ৩৫ হাজার ২০০ টাকা পৌর তহবিলে জমা না দিয়ে আত্মসাত্ করা হয়েছে। পরে অডিট প্রতিবেদনে আত্মসাতের বিষয়টি উদঘাটিত হলে পৌর রেজুলেশনের মাধ্যমে তা পৌর তহবিলে জমা দেওয়া হয়। এ মামলায় মেয়রসহ তিনজনকেই অভিযুক্ত করা হয়েছে।
এ ছাড়া ৩৯ নম্বর মামলার বিবরণে বলা হয়েছে, ২০১০ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আদায় করা ট্যাক্সের ৪৩ লাখ ৭৫ হাজার ১৩৭ টাকা আত্মসাত্ করা হয়েছে। এ মামলায় মেয়র ও হিসাবরক্ষককে অভিযুক্ত করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন-উল কাদির প্রথম আলোকে বলেন, মামলাগুলো দুর্নীতি দমন আইনে দায়ের করা হয়েছে। এসব মামলা দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনের নিয়োজিত কর্মকর্তারা মামলাগুলোর তদন্ত করবেন।
অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, অর্থ আত্মসাত্ ও দুর্নীতির কোনো ঘটনার সঙ্গে তাঁর সম্পর্ক নেই। এটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তিনি।
মামলার অন্য দুই আসামির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।