শ্রীপুরের বিদ্যুৎ শ্রীপুরে সরবরাহের দাবি
গাজীপুরের শ্রীপুরে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে স্থানীয় চাহিদা পূরণের দাবিতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা আঞ্চলিক কার্যালয় প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন দেড় শতাধিক গ্রাহক। গতকাল বৃহস্পতিবার ওই সময় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কোনো কাজ করতে দেওয়া হয়নি। শ্রীপুরের এক গ্রাহক ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ জানান, উপজেলায় প্রতিদিন কমপক্ষে ১৭ ঘণ্টা লোডশেডিং হয়। অথচ উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় সামিট পাওয়ারের মাধ্যমে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। ওই বিদ্যুতের প্রায় সবটুকু উপজেলার বাইরে সরবরাহ করা হয়। জাতীয় গ্রিড থেকে পাওয়া বিদ্যুৎ দিয়েই শ্রীপুরের গ্রাহকদের চলতে হয়। তাই সামিট থেকে উৎপাদিত বিদ্যুৎ শ্রীপুরে সরবরাহের দাবিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি করতে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত কোনো কাজ করতে দেওয়া হয়নি। আগামী রোববারের মধ্যে এ দাবি না মানলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ শ্রীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ও পল্লী বিদ্যুতের কার্যালয়ের সামনে গণসমাবেশ করা হবে বলে জানান রফিকুল ইসলাম। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের মাওনা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবুল বাশার আজাদ জানান, সামিটের উৎপাদিত বিদ্যুতের সবটুকু শ্রীপুরে সরবরাহ করা হয় না। বর্তমানে শ্রীপুরে ১২ ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। কর্মকর্তা-কর্মচারী অবরোধের ঘটনাটি সঠিক নয়। গ্রাহকদের আলটিমেটাম অনুযায়ী সম্ভব না হলেও দাবি পূরণে ১৫ দিন সময় লাগতে পারে।