শ্রীবরদী সীমান্তে আসামি ধরতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা লাঞ্ছিত
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি গ্রামে গতকাল বুধবার বিকেলে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে শ্রীবরদী থানার দুই পুলিশ কর্মকর্তা আসামিপক্ষের লোকজনের হাতে লাঞ্ছিত হয়েছেন। তাঁরা হলেন শ্রীবরদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুক্তি মাহমুদ ও সাজিদুল ইসলাম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামি ও নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুস ছাত্তার (৫৫), আবদুস ছামাদ (৬৫), হায়দার আলী (৩০), শাহাদত হোসেন (৫০), আবুল হোসেন (৫০) ও নাসিমা বেগম (৪০)। তাঁদের সবার বাড়ি বালিজুরি গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার বালিজুরি গ্রামের আবদুস ছাত্তার ও তাঁর ছেলে গোলাপ হোসেনকে ধরতে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে এএসআই সাজিদুল ইসলাম ও মুক্তি মাহমুদ বালিজুরি গ্রামে যান। এ সময় ওই দুই কর্মকর্তা গোলাপ হোসেনকে বাড়িতে পেয়ে গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে গ্রেপ্তারের চেষ্টা চালান। কিন্তু গোলাপ কাপড় বদলানোর কথা বলে পুলিশকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজায় তালা আটকে দেন। বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাপের কয়েকজন আত্মীয় তাদের গোয়ালঘরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়ে পুলিশ তাদের বাড়িতে আগুন লাগিয়েছে বলে চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে গ্রামবাসী ও অন্য আত্মীয়-স্বজনেরা এসে পুলিশের ওই দুই কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তারা পুলিশ কর্মকর্তাদের লাঞ্ছিত করে এবং তাঁদের কাছে থাকা মুঠোফোন ছিনিয়ে নেয়।এ ঘটনার খবর পেয়ে প্রথমে বালিজুরি গ্রামের অদূরে অবস্থিত তাওয়াকুচা সীমান্ত চৌকি থেকে বিডিআরের কয়েকজন সদস্য ঘটনাস্থলে যান। পরে শ্রীবরদী থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিডিআর সদস্যদের সহযোগিতায় ওই দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে। এ সময় সরকারি কাজে বাধা ও পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গোলাপ হোসেন কৌশলে পালিয়ে যান।