শ্রীবরদী সীমান্তে বন্য হাতির আক্রমণে নিহত ১
শেরপুরের গারো পাহাড়ের শ্রীবরদী সীমান্তে গত শনিবার রাতে বন্য হাতির আক্রমণে বিরণ মারাক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর শিশুসন্তান ও স্ত্রী। তাঁদের বসতঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ সময় হাতির আক্রমণে দুটি গরুও মারা যায়।
বিরণ শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের বালিজুড়ী খ্রিষ্টানপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী শৈল সাংমা (৪৫) ও ছেলে বিজয় সাংমাকে (৩) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বন বিভাগ, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে একদল বন্য হাতি উপজেলার সীমান্তবর্তী বালিজুড়ী, মালাকুচা ও ঝুঁলগাঁও গ্রামে অবস্থান করছিল। হাতির দলটি শনিবার গভীর রাতে ধান খাওয়ার জন্য বালিজুড়ী গ্রামে আসে। এ সময় হাতি তাড়ানোর জন্য বিরণ মারাক ও তাঁর পরিবারের লোকজন চিৎকার করেন। হাতির দল বিরণের বসতঘরে আক্রমণ চালিয়ে ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত করে। হাতির আক্রমণে বিরণ, তাঁর শিশুপুত্র বিজয় সাংমা ও স্ত্রী শৈল সাংমা গুরুতর আহত হন। এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করেন। শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে বিরণ মারা যান। আহত শৈল ও বিজয়কে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাতির আক্রমণে হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন বন বিভাগ, বালিজুড়ী রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাছরিন গতকাল রোববার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মানুযায়ী অর্থ সহায়তা ও ঢেউটিন দেওয়া হবে।