শ্রীবরদীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ট্রাকের ধাক্কায় উজির আলী (৫৫) নামের একজন ভ্যানচালক নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কের বটতলা ছনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজির আলী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার টিকরকান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উজির আলী ভ্যান চালিয়ে শ্রীবরদী উপজেলা সদর থেকে বকশীগঞ্জের টিকরকান্দি গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। বটতলা ছনকান্দা এলাকায় বকশীগঞ্জগামী একটি ট্রাক তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যান। শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ট্রাকটি জব্দ করেছে।