শ্রীবরদীতে নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত হওয়ার দুই মাস পর এক ব্যক্তি মারা গেছেন। গত বৃহস্পতিবার ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই ব্যক্তির নাম মজিবর রহমান (৫৫)। তিনি শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামের মৃত নাজিম উদ্দিন মণ্ডলের ছেলে। গতকাল শুক্রবার শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ ধাপে গত ৪ জুন শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ইউপির ২ নম্বর ওয়ার্ডের পরাজিত দুই সদস্য প্রার্থী রাজা মিয়া ও জজ মিয়ার সমর্থকদের মধ্যে নির্বাচন শেষে ভারেরা গ্রামে সংঘর্ষ হয়। এ সময় রাজা মিয়ার সমর্থক ও চাচা মজিবর রহমান প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে শেরপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। দুই মাস সেখানে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার দুপুরে সেখানে তিনি মারা যান। পরিবারের লোকজন তাঁর লাশ গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা থেকে সরাসরি শ্রীবরদী থানায় নিয়ে আসেন।
শ্রীবরদী থানার ওসি এস আলম গতকাল দুপুরে বলেন, এ ঘটনায় মজিবরের ভাতিজা রাজা মিয়া বাদী হয়ে আট-নয়জনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা করেছেন।