শ্রীবরদীতে পুকুরে পড়ে ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় গত বুধবার রাতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাইবোন।
তারা হলো শ্রীবরদীর শিমুলচূড়া গ্রামের আক্কাছ আলীর মেয়ে আছিয়া (৭) ও জামালপুরের ইসলামপুরের চিনারচর গ্রামের আব্বাছ মিয়ার ছেলে মুসলিম উদ্দিন (৬)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকায় আছিয়া ও মুসলিম উদ্দিন বাবা-মায়ের সঙ্গে কয়েক দিন আগে তাদের নানার বাড়ি শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের চকবন্দী গ্রামে বেড়াতে যায়। গত বুধবার বেলা তিনটার দিকে অন্য ভাইবোনের সঙ্গে খেলাধুলা করার সময় আছিয়া ও মুসলিম নানা মো. আবদুল মোতালেবের বাড়িসংলগ্ন পুকুরে হঠাৎ পড়ে যায়। সাঁতার না জানায় মুহূর্তের মধ্যে তারা পানিতে তলিয়ে যায়। পরে তাদের লাশ উদ্ধার করতে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে আসেন। রাত সাড়ে ১১টার দিকে ওই ডুবুরিরা তাদের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি এস আলী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।