শ্রীবরদীতে প্রতিপক্ষের গুলিতে ব্যবসায়ী নিহত, আটক ১
শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর মোদকপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে ভজ গোপাল মোদক (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
গোপাল মোদক ওই গ্রামের আনন্দ মোদকের ছেলে ও ঝগড়ারচর বাজারের ব্যবসায়ী। শ্রীবরদী থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিছুদিন আগে পাঁচ শতক জমি কেনার জন্য গোপাল মোদক প্রতিবেশী নগেন্দ্র মোদকের ছেলে পাপন মোদককে দুই লাখ টাকা দেন। কিন্তু জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত হওয়ায় পাপন তা গোপালকে নিবন্ধন করে দিতে পারেননি। এ নিয়ে প্রায়ই দুজনের মধ্যে বাগিবতণ্ডা হতো। বুধবার গোপাল দুই লাখ টাকা ফেরত দেওয়ার জন্য পাপনকে চাপ দেন। এর জের ধরে রাত সাড়ে ১১টার দিকে পাপন সাত-আটজন সহযোগীকে নিয়ে গোপালদের বাড়িতে গিয়ে তাঁকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করেন। গুলিতে গোপাল মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাপন মোদকের বন্ধু রতন মোদককে (২১) আটক করেছে।