শ্রীবরদীতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদগাহ মাঠের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. আবদুল মজিদ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে এবং পেশায় কৃষিজীবী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চার নারীকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্রীবরদী উপজেলার শৈলারপাড় গ্রামের জামে মসজিদ ঈদগাহ মাঠের জমি নিয়ে স্থানীয় মো. ইয়ানুছ আলীর সঙ্গে মসজিদ কমিটির বিরোধ চলে আসছিল। ইয়ানুছ আলীর দাবি, ঈদগাহ মাঠে তাঁর দুই শতাংশ জমি রয়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য গত শুক্রবার বিকেল চারটার দিকে মসজিদ কমিটির লোকজন একজন আমিন ডেকে এনে বিরোধপূর্ণ জমিটি পরিমাপ করার উদ্যোগ নেন। এ সময় ইয়ানুছ আলী ও তাঁর পরিবারের লোকজন জমি পরিমাপে বাধা দেন এবং একপর্যায়ে মসজিদ কমিটির লোকজনের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেন। তাঁদের হামলা ও ইটপাটকেলের আঘাতে বৃদ্ধ আবদুল মজিদ গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পরপরই ইয়ানুছ আলী ও তাঁর লোকজন পালিয়ে যায়।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে গতকাল শনিবার বলেন, এ ঘটনায় নিহত আবদুল মজিদের ছেলে মো. নজরুল ইসলাম বাদী হয়ে ইয়ানুছ আলীকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইয়ানুছ আলীর স্ত্রী অজুফা খাতুনসহ শৈলারপাড় গ্রামের কামরুন্নাহার, ইয়ারুন্নেছা বেগম ও রহিমা খাতুনকে গ্রেপ্তার করেছে। আবদুল মজিদের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।জগন্নাথপুরে যুবকের মৃত্যুজগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আবদুল আলী (৩০) শুক্রবার রাত ১২টায় মারা গেছেন।পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে গোয়ালগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে আবদুল আলী ও একই গ্রামের আবদুল খালিকের ছেলে আনহার মিয়ার মধ্যে সৈয়দপুর বাজারের একটি দোকানে তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। এর মধ্যে আবদুল আলী (৩০) ও হোসেন আলীকে (৩৫) গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে গুরুতর অবস্থায় আবদুল আলীকে ঢাকায় পাঠানো হলে পথিমধ্যে ভৈরব নামক স্থানে তিনি মারা যান।