শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্য হাতির আক্রমণে মো. দুদু মিয়া (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়নের ঝুলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। দুদু মিয়া ওই গ্রামের বখতিয়ারের ছেলে।
বন বিভাগ, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে একদল বন্য হাতি উপজেলার সীমান্তবর্তী মালাকুচা ও ঝুলগাঁও গ্রামে অবস্থান করছিল। কয়েকটি হাতি গতকাল ভোরে ঝুলগাঁও গ্রামের বসতবাড়িতে আক্রমণ করে। এ সময় হাতির দলটি দুদু মিয়ার একটি টংঘর গুঁড়িয়ে দেয় এবং তাঁকে পদপিষ্ট করে। এতে দুদু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে এলাকাবাসীর সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা তাঁর লাশ উদ্ধার করেন।
বালিজুড়ী রেঞ্জের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, ঘটনার সময় কৃষক দুদু মিয়া বাড়ির পাশে ধানখেত পাহারা দেওয়ার জন্য টংঘরটিতে অবস্থান করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই হাতির আক্রমণে তিনি মারা যান। ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনও খালেদা নাসরিন বলেন, নিহত দুদু মিয়ার পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে এক লাখ টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মানুযায়ী অর্থসহায়তা দেওয়া হবে।
শ্রীবরদী থানার ওসি মো. এস আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।