শ্রীবরদীতে বাজারে অগ্নিকাণ্ড, ১৫ দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া বাজারের একটি বিপণিবিতানে গত শুক্রবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে শ্রীবরদীর কাকিলাকুড়া বাজারের চৌরাস্তা মোড়ে অবস্থিত আবেদা সুপার মার্কেটের রফিকুল ইসলামের মুদির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের নৈশপ্রহরী বাবুল ও কালামের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে সংবাদ পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আবেদা সুপার মার্কেটের রফিকুল ইসলাম, ইদ্রিস আলী, মিস্টার মিয়া, ইয়াদ আলী, আছর উদ্দিন, উজ্জল মিয়া ও মঞ্জু মিয়ার মুদি দোকান, আক্তার আলীর কীটনাশকের দোকান, মো. তাহেরের ওষুধের দোকান, নূরনবীর তেলকল, মোস্তাফিজুর রহমানের কম্পিউটারের দোকান ও রাজু মিয়ার হোটেলসহ ১৫টি দোকানের সব মালামাল ও নগদ টাকা ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের বরাত দিয়ে কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হামিদুল্লাহ তালুকদার বলেন, আগুনে মার্কেটের ব্যবসায়ীদের প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে।
শ্রীবরদীর ইউএনও খালেদা নাসরিন বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের অর্থসহায়তা দেওয়া হবে। এ জন্য ইউপি চেয়ারম্যানকে তালিকা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।