শ্রীবরদীতে বাস খাদে পড়ে নিহত ৩ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারের কাছে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে তিনজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার ধলারচর নতুন গ্রামের সায়েদ আলী (৪৫) ও রাজীবপুর উপজেলার বাউলপাড়া গ্রামের হাছেন আলী (৩৫)।আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইলের মো. হযরত আলী (৮০), রৌমারীর চন্দরপুর বন্দর গ্রামের শামছুন্নাহার (৩০) ও তাঁর ছয় মাসের শিশুপুত্র আবু সুফিয়ানকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে টাঙ্গাইলের কোনাবাড়ী থেকে কুড়িগ্রামের রৌমারীগামী যাত্রীবাহী বাসটি (কুষ্টিয়া জ-১১-০০৩২) ঝগড়ারচর বাজারের কাছে কড়ইতলা মোড়ে ইঞ্জিনচালিত অবৈধ যান ভটভটিকে যাওয়ার জায়গা করে দিতে গিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির তিনজন যাত্রী নিহত ও ৩০ জন আহত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় শ্রীবরদী থানা পুলিশ ও শেরপুরের অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা হতাহতদের উদ্ধার করেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত ছিল।