শ্রীবরদীতে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন
কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে গতকাল শনিবার শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর, রাণীশিমুল, তাতিহাটি ও ভেলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের অর্ধশত গুলি ছোড়ে। আহত ব্যক্তিরা শেরপুর জেলা সদর হাসপাতালে ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাণীশিমুল ইউপির ভায়াডাঙ্গা আসানদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সদস্য পদপ্রার্থী মো. মুত্তাকিন ও সুজা মণ্ডলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের নয়টি গুলি ছোড়ে।
বেলা দেড়টার দিকে গোসাইপুর ইউপির গড়গড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য পদপ্রার্থী মো. কফিল উদ্দিন ও মো. আবদুল হান্নানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১৯টি গুলি ছোড়ে।
বেলা দুইটার দিকে ভেলুয়া ইউপির চরহাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজাউল করিম ও বিদ্রোহী প্রার্থী মো. হাবিবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে রেজাউল করিমের ছেলে ইব্রাহিম খলিলসহ পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের সাতটি গুলি ছোড়ে।
প্রায় একই সময় তাতিহাটি ইউপির পশ্চিম ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই সাধারণ সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১০টি গুলি ছোড়ে।
তাতিহাটি ইউপির সালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও চককাউরিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম দেবাংশু কুমার সিংহ আসিফ হাসান (২৫), জেসমিনকে (২৫) যথাক্রমে দুই হাজার ও এক হাজার টাকা জরিমানা করেন।