শেরপুরের শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়নে গতকাল শনিবার ভোট গ্রহণের সময় ও পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং ব্যালট পেপার ও বাক্স ছিনতাইচেষ্টার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গোসাইপুর ইউনিয়নের গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেন। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লাঠিপেটায় আটজন আহত হন। পরে ওই তিনটি কেন্দ্রের নির্বাচন বাতিল করে দেওয়া হয়। অন্যদিকে, ভেলুয়া ইউনিয়নের চরহাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বেলা দুইটার দিকে প্রতিদ্বন্দ্বী সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হন। তবে এই কেন্দ্রের ভোট গ্রহণ যথারীতি সম্পন্ন হয়।শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আল মাহমুদ তিনটি কেন্দ্রে নির্বাচন বাতিলের সত্যতা স্বীকার করেছেন।এ ছাড়া, রাত আটটার দিকে তাঁতিহাটী ইউনিয়নের বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে প্রিসাইডিং অফিসার ও অন্য কর্মকর্তারা ব্যালট বাক্স নিয়ে ইউএনও অফিসে ফেরার সময় পরাজিত প্রার্থীর লোকজন তাঁদের ওপর হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলাকারীরা এ সময় একটি মাইক্রোবাস ভাঙচুর করে। তখন পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সালাহ উদ্দিন শিকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।