শ্রীবরদীতে মেয়রের ওপর চড়াও ক্ষিপ্ত চিতা বাঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​লোকালয়ে চলে আসা একটি চিতা বাঘ গতকাল শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়রের ওপর হামলে পড়ে। জনতা বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে ​উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঝুলিয়ে রাখে। বিশ্বব্যাপী বন্য প্রাণী হত্যা নিরুৎসাহিত করা হয়। কিন্তু মাঝেমধ্যে জনপদে ঢুকে পড়া প্রাণীদের মানুষ আত্মরক্ষার্থে মেরে ফেলে l ছবি: প্রথম আলো
​লোকালয়ে চলে আসা একটি চিতা বাঘ গতকাল শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়রের ওপর হামলে পড়ে। জনতা বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে ​উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঝুলিয়ে রাখে। বিশ্বব্যাপী বন্য প্রাণী হত্যা নিরুৎসাহিত করা হয়। কিন্তু মাঝেমধ্যে জনপদে ঢুকে পড়া প্রাণীদের মানুষ আত্মরক্ষার্থে মেরে ফেলে l ছবি: প্রথম আলো

শেরপুরের শ্রীবরদী পৌর শহরে গতকাল বুধবার বাঘের আক্রমণে নবনির্বাচিত পৌর মেয়র মো. আবু সাইদ (৩০) গুরুতর আহত হয়েছেন। একপর্যায়ে জনতার পিটুনিতে বাঘটি মারা যায়। মেয়রকে উদ্ধার করতে গিয়ে আহত হন দুজন। ভোরে সীমান্তবর্তী গারো পাহাড় থেকে চিতা প্রজাতির বাঘটি লোকালয়ে চলে আসে বলে ধারণা করা হচ্ছে।
সকাল সাড়ে ১০টার দিকে শ্রীবরদী পৌর শহরের জালকাটা এলাকায় বাঘটি মেয়র আবু সাইদের ওপর চড়াও হয়। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন বিভাগ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, লোকালয়ে চলে আসা বাঘটি জালকাটা এলাকার ফকির আলীর সেচ যন্ত্রের ঘরে আশ্রয় নেয়। খবর পেয়ে নবনির্বাচিত পৌর মেয়র আবু সাইদসহ বিপুলসংখ্যক মানুষ বাঘটি দেখতে সেখানে উপস্থিত হন। সকাল সাড়ে ১০টার দিকে মেয়র আবু সাইদ বাঘটিকে ভালোভাবে দেখার জন্য সেচ যন্ত্রের ঘরের সামনে যান। এ সময় বাঘটি তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের থাবায় আবু সাইদের ডান গালের মাংস উঠে যায়। একপর্যায়ে উপস্থিত লোকজন লাঠিসোঁটা নিয়ে পিটুনি দিয়ে বাঘটি মেরে ফেলেন। মেয়রকে রক্ষা করতে গিয়ে নাদের (৫০) ও আজিজুল (৪৫) আহত হন।
আহত মেয়র আবু সাইদকে প্রথমে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় শেরপুর সদর হাসপাতালে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শেরপুরের সিভিল সার্জন মো. আনোয়ার হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বাঘের থাবায় আবু সাইদের মুখের ডান পাশ, গাল, কান ও মাথায় জখম হয়েছে।
বাঘটিকে হত্যার পর স্থানীয় লোকজন একে উপজেলা পরিষদ চত্বরের সামনে একটি গাছে ঝুলিয়ে রাখে। পরে উপজেলা প্রশাসন মৃত বাঘটিকে জেলা বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
শেরপুরের সহকারী বন সংরক্ষক মো. রেজাউল করিম বলেন, বাঘটি চিতা প্রজাতির। ধারণা করা হচ্ছে, এটি সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্য থেকে শ্রীবরদী চলে এসেছিল। মেয়র আবু সাইদ খুব কাছে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে বাঘটি তাঁকে আক্রমণ করে। ময়নাতদন্তের পর বাঘটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।
শ্রীবরদী থানার ওসি মো. এস আলম বলেন, এ ঘটনায় একটি জিডি করার প্রক্রিয়া চলছে।