শ্রীবরদীতে শতভাগ ভোটের ঘটনায় ২৮ নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতভাগ ভোট পড়ার ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগের ভিত্তিতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর উচ্চবিদ্যালয় কেন্দ্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কমিশন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এস এম মাহমুদুল হাসানসহ ২৮ জন ভোট গ্রহণকারী কর্মকর্তাকে বরখাস্ত করেছে। গত বুধবার নির্বাচন কমিশন এ আদেশ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।৪ জুন শ্রীবরদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভেলুয়া ইউনিয়নের ঝগড়ার চর উচ্চবিদ্যালয় কেন্দ্রে মৃত, প্রবাসী ও অন্য কেন্দ্রে নির্বাচনের দায়িত্ব পালনকারী ভোটারদের ভোট প্রয়োগ দেখিয়ে শতভাগ ভোট প্রদানের ফলাফল ঘোষণা করেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও শ্রীবরদী কামিল মাদ্রাসার প্রভাষক এস এম মাহমুদুল হাসান। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট সুষ্ঠু হয়নি বলে অভিযোগ তুলে পুনর্নির্বাচনের আবেদন জানিয়ে ওই ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল করিম ও মিজানুর রহমান শ্রীবরদীর রিটার্নিং কর্মকর্তাসহ প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন।নির্বাচন কমিশন বিষয়টি জানার পর তদন্ত করে গত বুধবার ওই কেন্দ্রের ভোট বাতিলসহ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, নয়জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১৮ জন পোলিং কর্মকর্তাকে বরখাস্ত করার আদেশ দেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশক্রমে ঝগড়ারচর উচ্চবিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনকারী ২৮ কর্মকর্তার নাম, ঠিকানার তালিকা কমিশনে পাঠানো হয়েছে।’ এ ব্যাপারে প্রিসাইডিং কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, বরখাস্তের ব্যাপারে তিনি কিছু জানেন না।৪ জুন ভেলুয়া ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সদস্য পদপ্রার্থীর সমর্থকেরা ব্যালট বাক্স ছিনতাই করলে ভেলুয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের নির্বাচনও বাতিল করা হয়।