শ্রীবরদীতে শিক্ষকের হাতে শিক্ষক প্রহূত!
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সিঙ্গাবরুনা ইউনিয়নের বাবেলাকোনা আদিবাসী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান সহকারী শিক্ষক মো. নজরুল ইসলামকে প্রহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সোমবার ক্লাস বর্জন করেছে।প্রহূত শিক্ষক, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আদিবাসী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সঙ্গে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলামের দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে আসাদুজ্জামান তাঁর কক্ষে নজরুলকে ডেকে নিয়ে গালাগাল করেন। একপর্যায়ে আসাদুজ্জামান মোটা বেত দিয়ে নজরুলকে এলোপাতাড়ি পেটান। নজরুলের চিৎকারে তাঁর অন্য সহকর্মীরা ছুটে এসে তাঁকে রক্ষা করেন। প্রহারে নজরুল হাত, পা ও পিঠে প্রচণ্ড আঘাত পান। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল ক্লাস বর্জন করে।শিক্ষক নজরুল ইসলাম অভিযোগ করেন, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান তাঁকে শুধু মারধর করেই ক্ষান্ত হননি, পরে আসাদুজ্জামানের লোকজন তাঁর (নজরুল) বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ ব্যাপারে তিনি শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বাবেলাকোনা আদিবাসী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান গতকাল বিকেলে বলেন, শিক্ষক নজরুলের সঙ্গে তর্কের একপর্যায়ে নজরুল তাঁর (আসাদুজ্জামান) মাথায় আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর ছোট ভাই নজরুলকে বেত দিয়ে দু-একটি আঘাত করেন। তবে নজরুলের বাড়িতে হামলা বা ভাঙচুরের অভিযোগ তিনি অস্বীকার করেন।