শ্রীবরদীতে শ্বশুরবাড়ির কাছ থেকে জামাতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় শ্বশুরবাড়ির কাছ থেকে জামাতার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বারারচর গ্রামের একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. আবদুল মমিন (৪৫)। তাঁর বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার বেনুয়ারচর উত্তরপাড়া গ্রামে। তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার চাংপাড়া গ্রামের চিনি মিয়ার মেয়ের জামাই ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিরিনা বেগমের সঙ্গে কয়েক বছর আগে আবদুল মমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে মমিন শ্বশুরবাড়িতেই থাকতেন। সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী চিরিনার সঙ্গে তাঁর দ্বন্দ্ব হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার রাতে তাঁদের মধ্য ঝগড়া হয়। একপর্যায়ে মমিন তাঁর স্ত্রী চিরিনাকে ছুরিকাঘাত করেন। পরে চিরিনাকে তাঁর বাবার পরিবারের সদস্যরা চিকিৎসার কথা বলে বাইরে নিয়ে যান।

এরপর গতকাল সকালে চিনি মিয়ার বাড়িসংলগ্ন এলাকার একটি গাছের ডালে এলাকাবাসী গলায় জিআই তার প্যাঁচানো অবস্থায় মমিনের লাশ ঝুলতে দেখেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল দুপুরে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মমিনের লাশ উদ্ধার করে।

শ্রীবরদী থানার এসআই মো. এমদাদুল হক বলেন, ময়নাতদন্তের জন্য মমিনের লাশ শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।