শ্রীমঙ্গল, কমলগঞ্জে বিএনপির কমিটি ভেঙে দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বিএনপির উপজেলা ও পৌর কমিটি ভেঙে দেওয়া হয়েছে। গতকাল রোববার এ-সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির আদেশ সংশ্লিষ্ট চারটি কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে ডাকযোগে পাঠানো হয়েছে। আদেশের অনুলিপি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি এম নাসের রহমান এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরীর কাছে পাঠানো হয়েছে। মুজিবুর রহমান চৌধুরী গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট চারটি কমিটির নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় এবং অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ায় কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের আগে দলকে শক্তিশালী করার জন্য তৃণমূল সংগঠকদের প্রাধান্য দিয়ে অচিরেই দলের কমিটিগুলো পুনর্গঠন করা হবে। ২০০৯ সালের ২৯ নভেম্বর মো. আতাউর রহমানকে সভাপতি ও মো. ইয়াকুব আলীকে সাধারণ সম্পাদক করে শ্রীমঙ্গল উপজেলা কমিটি এবং মো. নুরুল আলম সিদ্দিকীকে সভাপতি ও মো. আলাউদ্দীন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের শ্রীমঙ্গল পৌর কমিটি গঠন করা হয়েছিল। একই সময়ে কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ চৌধুরীকে সভাপতি, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে কমলগঞ্জ উপজেলা কমিটি এবং পৌর মেয়র আবু ইব্রাহীমকে সভাপতি ও শোয়েব আহমদকে সাধারণ সম্পাদক করে কমলগঞ্জ পৌরকমিটি গঠন করা হয়েছিল।