শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয়তাবাদী যুবদলের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কোন্দলের কারণে এ দুটি কমিটি বিলুপ্ত করা হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় শ্রীমঙ্গল পূর্বাশা আবাসিক এলাকায় সংগঠনের কার্যালয়ে কমিটি ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মৌলভীবাজার-৪ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী মুজিবুর রহমান চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান-সমর্থিত অংশের শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী।
উপজেলা যুবদলের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন সাইফ উদ্দিন সিদ্দিকী এবং যুগ্ম আহ্বায়ক আবু জাফর চৌধুরী। অপরদিকে টিটো গাজীকে আহ্বায়ক এবং মনির বাশারকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যের পৌর কমিটি গঠন করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে দলের একাধিক সূত্র জানায়, দুই পক্ষের কোন্দলের কারণে যুবদলের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। তাই কমিটিগুলো ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে একই কারণে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বিএনপির উপজেলা এবং পৌর কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত সেসব কমিটি পুনর্গঠন করা হয়নি। জানতে চাইলে মুজিবুর রহমান চৌধুরী মুঠোফোনে বলেন, দলে কোন্দল নেই। তবে দলের মধ্যে কেউ কেউ নিষ্ক্রিয় ছিলেন এবং এখনো আছেন।