শ্রীমঙ্গল ও সরাইলে দুর্ঘটনায় দুই নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই নারী নিহত হয়েছেন।
শ্রীমঙ্গলের সাতগাঁও চা-বাগান এলাকায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় অপর্ণা দেব (৩০) নামে বাসের এক যাত্রী নিহত হন। তিনি শ্রীমঙ্গলের গান্ধিছড়া চা-বাগানের রঞ্জন দেবের মেয়ে।
পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী একটি বাস সাতগাঁও চা-বাগানের কারখানার সামনে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অপর্ণা দেব মারা যান।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসের ধাক্কায় আকলিমা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম কুট্টাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী আকলিমা বেগম নিহত।