শ্রীমঙ্গল থানার ওসি ছুরিকাহত, হামলাকারী কারাগারে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।গত শনিবার রাত নয়টার দিকে জামে মসজিদে নামাজ আদায় করে থানায় ফেরার পথে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে। রাস্তায় পার্কিং করা একটি ব্যক্তিগত গাড়ি (ট্যাক্সি) থানায় নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওসির ওপর হামলার ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। হামলার সময় ওসি আবদুল্লাহ পথচারীদের সহায়তায় চিনু লাল রায় (৩৫) নামের এক যুবককে ধরে ফেলেন।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘শনিবার বিকেলে শ্রীমঙ্গল পৌর এলাকার হবিগঞ্জ সড়কে নর্দমা সংস্কারের স্থানে সড়কের ওপর চিনু তাঁর ব্যক্তিগত গাড়িটি পার্কিং করেন। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। ওসি চিনুকে গাড়িটি সরিয়ে নিতে বলেন। কিন্তু তিনি তা না করায় গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে চিনু আরও দু-তিনজন সঙ্গী নিয়ে রাতে ওসির ওপর হামলা করেন। তাঁকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’