শ্রীমঙ্গল ভূমি কার্যালয়ে মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ভূমি কার্যালয়ে জনবল-সংকটের কারণে জমিসংক্রান্ত কাজে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। জমির নামজারি করাতে না পারায় খাজনা পরিশোধ করতে পারছেন না। একই কারণে রেজিস্ট্রেশন না হওয়ায় জমি ক্রয়-বিক্রয়ও করতে পারছেন না। শ্রীমঙ্গল ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ১৮ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) গোলাম মওলা রংপুরে বদলি হয়ে যান। একই বছরের ২৩ ডিসেম্বর সার্ভেয়ার মো. ছালেকুল ইসলামকে ঢাকায় এবং চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কানুনগো জয়নুল আবেদীনকে বদলি করা হয়। এ ছাড়া কয়েক বছর ধরে করণিকের তিনটি পদ শূন্য পড়ে আছে। ভূমি কার্যালয় প্রাঙ্গণে শ্রীমঙ্গল পৌর এলাকার সিন্দুরখান সড়কের বাসিন্দা জাহানারা খানম বলেন, গত বছরের ১৪ নভেম্বর নামজারির জন্য আবেদন করেছিলেন। এখনো নামজারি হয়নি। নতুন বাজার এলাকার বাসিন্দা এম আজিজুল হক বলেন, জমির নামজারির জন্য দুই মাস ধরে তিনি ঘুরছেন। রূপসপুরের বাসিন্দা পীযূষ কান্তি পাল বলেন, একই কাজে তিনি পাঁচ মাস ধরে নিয়মিত এ অফিসে আসা-যাওয়া করছেন।নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন জানান, জরুরি প্রয়োজনে তাঁরা জমি বিক্রি করতে পারছেন না। জমির নামজারি না হওয়ায় খাজনা পরিশোধ করা যাচ্ছে না। একই কারণে সাবরেজিস্ট্রি অফিসে তাঁরা দলিল রেজিস্ট্রি করাতে পারছেন না। ভূমি কার্যালয়ের প্রধান করণিক নৃরেন্দ্র দেবনাথ জানান, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো ও সার্ভেয়ার—একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে লোক না থাকায় জমি নামজারি বিলম্বিত হচ্ছে। তিনি বলেন, প্রায় ৪৫০ নামজারির মোকদ্দমা নিষ্পত্তির অপেক্ষায় আছে। লোকবল নিয়োগের বিষয়ে জানতে চাওয়া হলে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, মৌলভীবাজার সদর উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার শ্রীপদ দেবকে অতিরিক্ত দায়িত্বে শ্রীমঙ্গলে দেওয়া হয়েছে। মৌলভীবাজার থেকে একজন কানুনগোকেও অতিরিক্ত দায়িত্বে শ্রীমঙ্গলে দেওয়া হচ্ছে। এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) পদে ইতিমধ্যে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তিনি শিগগিরই কাজে যোগ দেবেন।’