শ্রীমঙ্গল যেন হিম গহ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে সারা দেশে বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। কনকনে বাতাসে ভর করা প্রচণ্ড হিম দেশের অনেক স্থানেই স্থবির করে দিয়েছে জনজীবন। এর মধ্যে গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল যেন এক হিম গহ্বর বনে যায়। গতকাল সেখানকার তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এটাই ছিল এ পর্যন্ত বছরের সর্বনিম্ন তাপমাত্রা। পঞ্চগড়ে শীত ও শীতজনিত কারণে দুজনের মৃত্যু হয়েছে।আবহাওয়া দপ্তরের আবহাওয়া সহকারী সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, গতকাল শ্রীমঙ্গলে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। দেশে এটাই এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা।শ্রীমঙ্গলে গতকাল সারা দিনে একবারও সূর্যের দেখা মেলেনি। হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহান চা-বাগানের শ্রমিকেরা। শ্রীমঙ্গলের কয়েকটি চা-বাগান ঘুরে শ্রমিক নারী-পুরুষদের কাজ ফেলে আগুনের পাশে বসে থাকতে দেখা যায়। কাকিয়াছড়া চা-বাগানের রাজমনি কাহার বলেন, শীতের জন্য তাঁরা ঠিকমতো কাজ করতে পারছেন না। রাতের অধিকাংশ সময়ই ঘরের আঙিনায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে হচ্ছে।শ্রীমঙ্গলে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক গৌতম আচার্য জানান, এ বছর ২০০৭ সালের মতো তাপমাত্রা আরও কমতে পারে। ওই বছরের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়েজ আহাম্মদ জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপজেলায় শীতবস্ত্র বরাদ্দ হয়েছে। এগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে।পঞ্চগড়ে শীত ও শীতজনিত কারণে মারা যান তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের শহর উদ্দিন (৮০) ও শহর আলী (৭০)। পঞ্চগড়ে গতকাল সারা দিন ঘন কুয়াশায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তীব্র শীতে জেলায় দুই লক্ষাধিক মানুষ কাহিল হয়ে পড়লেও ত্রাণভান্ডারে আর কোনো শীতবস্ত্র নেই।জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, ত্রাণ মন্ত্রণালয় থেকে তিন হাজার ৬৯৬টি, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৮০০ এবং রিহ্যাব থেকে ৬৫০টি কম্বল পাওয়া গেছে; যা ইতিমধ্যে বিতরণ হয়েছে।জেলা প্রশাসনের একটি সূত্র জনায়, শীতের তীব্রতা ক্রমাগত বেড়ে যাওয়ায় ১০ হাজার কম্বল ও ১০ লাখ টাকা চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে বার্তা পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।পঞ্চগড় জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, গতকাল জেলায় সর্বনিম্ন ছয় ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ছিল। তবে তেঁতুলিয়ায় তাপমাত্রা আরও কম ছিল।