শ্রীমঙ্গলে অগ্রণী ব্যাংকে ৭০ লাখ টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অগ্রণী ব্যাংকের আইটি সুপারভাইজার জাকারিয়া লস্কর জালিয়াতির মাধ্যমে ব্যাংকের প্রায় ৬৯ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার ব্যাংকটির শাখা ব্যবস্থাপক স্বপন কুমার সরকার এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা করেছেন। জাকারিয়া লস্করের গ্রামের বাড়ি ময়মনসিংহ পৌর এলাকার কালীবাড়ি সড়কে। তিনি শ্রীমঙ্গল উপজেলা সদর ইউনিয়নের বিরাইমপুরের একটি বাড়িতে থাকতেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, জাকারিয়া ২০০৬ সালের ১৪ মার্চ অগ্রণী ব্যাংকের শ্রীমঙ্গল শাখায় ‘ডেটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার’ পদে যোগ দেন। এ শাখায় তিনি আইটি বিভাগের ভারপ্রাপ্ত এবং অনলাইন বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি ব্যাংকের একজন গ্রাহকের সঞ্চয়ী হিসাবের চেক ইস্যু করেন। ওই চেক দিয়ে গত ৭ ও ২৩ অক্টোবর দুই কিস্তিতে অপর এক গ্রাহকের হিসাব থেকে দুই লাখ টাকা তুলে আত্মসাৎ করেন। ঘটনাটি ধরা পড়ার পর জাকারিয়া জালিয়াতির মাধ্যমে আত্মসাতের বিষয়টি স্বীকার করেন। এ সময় তিনি দুই লাখ টাকা পরিশোধ করেন এবং আর কোনো হিসাবে এরূপ ঘটনা করেননি মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দেন। পরে ব্যাংকের প্রধান কার্যালয়ের একটি তদন্ত দল শ্রীমঙ্গল শাখা নিরীক্ষা করে। এতে জাকারিয়ার জালিয়াতির আরও ঘটনা ধরা পড়ে। তিনি তাঁর নিজের হিসাবে ভুয়া জমা পোস্টিং দিয়ে ১২টি চেকের মাধ্যমে ৩৫ লাখ তোলেন। এ ছাড়া অন্য এক গ্রাহকের হিসাবেও অনুরূপভাবে ভুয়া জমা দেখিয়ে ৪৩টি চেকের মাধ্যমে ৬২ লাখ ৩৪ হাজার টাকা তোলেন। তবে এসব হিসাবে তিনি বিভিন্ন সময়ে টাকা জমাও করেন। একপর্যায়ে কম্পিউটার থেকে তিনি এই দুই হিসাবের সব লেনদেনের তথ্য মুছে (ডিলিট) ফেলেন।
অগ্রণী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক স্বপন কুমার সরকারের দেওয়া তথ্যমতে, তদন্ত দল প্রাথমিকভাবে (গত ৩০ অক্টোবর পর্যন্ত) জাকারিয়া ৬৯ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে নিশ্চিত হয়েছে। নিরীক্ষা এখনো চলছে। আত্মসাতের ঘটনা আরও উদ্ঘাটিত হতে পারে। জাকারিয়াকে গত ২৩ অক্টোবর চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. মারূফ হোসেন বলেন, মামলা দায়েরের পর তিনি ব্যাংকের এ-সংক্রান্ত কাগজপত্র দেখেছেন। এতে জাকারিয়া জালিয়াতির মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাৎ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। তিনি পলাতক রয়েছেন।