শ্রীমঙ্গলে অটোরিকশার সঙ্গে ধাক্কা, এসআই নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর মনতোষ দত্ত (২৯) নামের একজন উপপরিদর্শক (এসআই) হাসপাতালে মারা গেছেন। আজ সোমবার সকালে তাঁকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করার পর বেলা তিনটার দিকে তিনি মারা যান।
মনতোষ দত্ত হবিগঞ্জ সদর মডেল থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট গ্রামে।
পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে হবিগঞ্জের কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন মনতোষ। পথে শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজারে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর গুরুতর আহত হন তিনি। পরে শ্রীমঙ্গল থানার পুলিশ তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, অটোরিকশাটি মৌলভীবাজার সদর থানায় আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।