শ্রীমঙ্গলে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৪, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ শাহীবাগ গ্রামের একটি বাড়ি থেকে একজন ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে র‌্যাব সদস্যরা চারজনকে গ্রেপ্তার ও অপহূত ব্যক্তিকে উদ্ধার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বলাকোট গ্রামের মো. জিল্লুর রহমান ওরফে জাহাঙ্গীর (৪০), হবিগঞ্জ সদর উপজেলার মাহমুদাবাদ গ্রামের মোহাম্মদ আলী ওরফে জয় (৩৩), মৌলভীবাজারের সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের মো. আবদুল মতিন (৫৬) ও মো. জনি আহমেদ (২৪)।র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা গত বুধবার সন্ধ্যায় প্লাস্টিক সামগ্রী ব্যবসায়ী মো. বিল্লাল মিয়াকে শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার থেকে অপহরণ করে। এ সময় তিনি ব্যবসায়িক তাগাদা শেষে মৌলভীবাজার থেকে নাসিরনগরে বাড়ি ফিরছিলেন। পথে ইফতারি করার জন্য ভৈরববাজারে নেমেছিলেন। বিল্লাল মিয়ার বাড়ি নাসিরনগর উপজেলার দাতমণ্ডল গ্রামে।গতকাল দুপুরে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ দাউদ কাউসার মাহমুদ বলেন, অপহরণকারীরা মুঠোফোনে বিল্লাল মিয়ার ছেলের কাছে মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করেন এবং টাকা নিয়ে শ্রীমঙ্গল আসার জন্য বলেন। ছেলে শ্রীমঙ্গলে এসে র‌্যাব ক্যাম্পে বিষয়টি জানায়। এরপর কৌশলে অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিল্লাল মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেছেন।