শ্রীমঙ্গলে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা গতকাল শুক্রবার ভোরে হবিগঞ্জ সদর উপজেলার দুটি এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি এলজি ও একটি গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উমেদনগর এলাকার আবদুস সামাদ ওরফে শিপন (২৫), শায়েস্তানগরের আবদুল মুহিত চৌধুরী ওরফে মিশু (২২), শ্যামলী আবাসিক এলাকার হাবিবুর রহমান চৌধুরী ওরফে রাজীব (২২), ইনজামাম আহমেদ এহতেশাম (২২) ও হরিপুর গ্রামের ইমাম হাসান (২৪)।র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের পরিচালক জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর চারটার দিকে উমেদনগরে শিপনের বাড়িতে অভিযান চালিয়ে আমেরিকার তৈরি একটি গুলিভর্তি রিভলবারসহ শিপনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে র‌্যাবের অপর একটি দল শায়েস্তানগরে মিশুর বাড়িতে অভিযান চালিয়ে একটি এলজিসহ মিশুকে গ্রেপ্তার করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী শ্যামলী আবাসিক এলাকার বাড়ি থেকে রাজীব ও ইনজামাম এবং হরিপুর গ্রামের বাড়ি থেকে ইমাম হাসানকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কাওসার মাহমুদ গতকাল দুপুরে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ব্যবসা, অটোরিকশা ছিনতাই ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে। তাঁদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হবে।