শ্রীমঙ্গলে আদিবাসী তরুণীর গলা কাটা লাশ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় রেজিনা কন্দক নামের এক আদিবাসী তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগানের ভারত সীমান্তে গত সোমবার লাশটি বস্তাবন্দী অবস্থায় পাওয়া যায়।রেজিনা (১৯) লাখাইছড়া চা-বাগানের শ্রমিক ধনু কন্দের মেয়ে। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।রেজিনার বাবা ধনু কন্দ জানান, রেজিনা লাখাইছড়া চা-বাগানসংলগ্ন কাদির মিয়ার লেবু বাগানে কাজ করতেন। গত বুধবার সকালে বাগানের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি। সোমবার ঘটনাস্থলে গিয়ে পরনের জামা দেখে তিনি মেয়ের লাশ শনাক্ত করেন।বিকেলে সীমান্তের ১৯২০-১ নম্বর পিলারের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে বিএসএফ লাশ নিয়ে যায়। সে দেশের পুলিশ ময়নাতদন্ত করে লাশ বিজিবির কাছে হস্তান্তর করবে। দু-এক দিনের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে।