শ্রীমঙ্গলে আরও একটি বাংলা শকুন উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল শুক্রবার সকালে আরও একটি বাংলা শকুন উদ্ধার করা হয়েছে। উপজেলার সিরাজনগর গ্রাম থেকে শকুনটি উদ্ধার করে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল পশু-পাখি সেবাশ্রমে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।এর আগে ২১ জানুয়ারি উপজেলার উত্তরসুর গ্রাম থেকে একটি বাংলা শকুন আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।শ্রীমঙ্গল পশু-পাখি সেবাশ্রমের পরিচালক সজল দেব জানান, গতকাল দুপুরে সিরাজনগর গ্রামে ম্যাক বাংলাদেশ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়ের সামনে থেকে শকুনটি উদ্ধার করা হয়েছে। শকুনটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে ছেড়ে দেওয়া হবে।ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ মুঠোফোনে জানান, দলটিতে নয়টি শকুন ছিল। গত বৃহস্পতিবার দুপুরে শকুনের দলটি সিরাজনগর গ্রামের ধানখেতে খাদ্যের জন্য নেমেছিল। শুক্রবার দুপুরে গ্রামের শতাধিক শিশু দলের একটি শকুনকে বাঁশঝাড়ের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখে।