শ্রীমঙ্গলে ইউপির উন্মুক্ত বাজেট বিষয়ে কর্মশালা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল রোববার ইউনিয়ন পরিষদের (ইউপি) উন্মুক্ত বাজেট, সুপেয় পানি, পয়োনিষ্কাশন খাতে প্রত্যাশা ও প্রাপ্তিবিষয়ক দিনব্যাপী এক কর্মশালা হয়েছে। চা শ্রমকল্যাণ কার্যালয় মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে এনজিও ফোরাম। কর্মশালায় জানানো হয়, ২০১২-২০১৩ অর্থবছরে মৌলভীবাজার জেলার ৬৭টি ইউনিয়নের মধ্যে ২১টি ইউনিয়নে উন্মুক্ত বাজট ঘোষণা করা হয়েছে। ২১টি ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণার প্রক্রিয়া বিশ্লেষণ করে দেখা গেছে, বাজেট আলোচনায় সংশ্লিষ্ট ইউনিয়নের জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। ইউনিয়ন পরিষদের ওপর জনগণের আস্থা আগের চেয়ে বেড়েছে। বাজেটে নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন খাতে আগের চেয়ে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে আরও বেশি প্রত্যাশা ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চা শ্রমকল্যাণ কার্যালয়ের উপপরিচালক মো. গিয়াস উদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী ও প্রথম আলোর মৌলভীবাজার প্রতিনিধি আকমল হোসেন। কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন এনজিও ফোরামের কর্মকর্তা যোসেফ হালদার।