শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষার্থীকে হত্যা, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর পুল এলাকায় গত বৃহস্পতিবার রাতে পুলক পাল (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত পুলক এ বছর শ্রীমঙ্গল সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। পড়াশোনার পাশাপাশি টিউশনি ও চাকরি করে সংসার চালাতেন তিনি।শ্রীমঙ্গল থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজু সূত্রধর নামের এক ছেলেকে মারধরের ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ২ নম্বর পুল এলাকায় পুলকের সঙ্গে এমরান মিয়া, এনামুল হক ও রাজু দাসের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে এমরান পুলকের বুকের বাম পাশে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে পুলক মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাঁকে লাথি-ঘুষি মারতে থাকে। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে এনামুলকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। পথে এমরানকে ধরে ফেলেন মোটর মেরামত কারখানার শ্রমিক করিম মিয়া (২৫)। এমরান তাঁকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সোয়া ১০টার দিকে পুলকের মৃত্যু হয়। আহত করিম মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল শুক্রবার মৌলভীবাজার সদর হাসপাতালে পুলকের লাশের ময়নাতদন্ত হয়।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ্ বলেন, পুলকের চাচা প্রণয় পাল বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এজাহারভুক্ত আসামি এনামুল হক, অপু দাশ ও প্রধান আসামি এমরানের বাবা সানাউর উল্লাকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। এমরানকে গ্রেপ্তারে অভিযান চলছে।২ নম্বর পুল এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা অভিযোগ করেন, এমরান, এনামুল, অপুসহ তাদের দলে আরও কয়েকজন বখাটে রয়েছে। তারা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।পুলকের পারিবারিক সূত্র জানায়, দেড় বছর আগে পুলকের বাবা প্রসন্ন পাল ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। সঞ্চিত অর্থের সবটাই তাঁর চিকিৎসায় ব্যয় হয়। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেন পুলক। তিনি পড়াশোনার পাশাপাশি কয়েকজন ছাত্র পড়াতেন ও স্থানীয় একটি সমিতিতে দেড় হাজার টাকা বেতনে চাকরি করতেন। এ ছাড়া তাঁর মা ঊষা রানী পাল বাড়িতে সেলাইয়ের কাজ করেন। এ দুজনের উপার্জন দিয়ে সংসার চলত। গতকাল দুপুরে উপজেলার সন্ধানী আবাসিক এলাকায় পুলকের বাড়িতে গেলে দেখা যায়, ‘বাবারে...আমার সোনা মানিকরে...তোর কাছে আমারে লইয়া যা...’ এভাবেই চিৎকার করে কাঁদছিলেন ঊষা রানী পাল। একমাত্র ছেলে পুলককে হারিয়ে বারবার মূর্চ্ছা যাচ্ছিলেন তিনি। নাতির অকাল মৃত্যুতে বৃদ্ধ মনি রানী পাল মাটিতে লুটিয়ে হাউমাউ করে কাঁদছিলেন। বড় বোন রিপা রানী পাল চিৎকার করে, পুলক হত্যার বিচার চাইছেন। ছোট বোন সুপা রানী পাল শোকে নির্বাক, পাথর। পাড়ার বিভিন্ন মোড়ে ক্ষুব্ধ এলাকাবাসী ও পুলকের সহপাঠীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।পুলকের সহপাঠী রাজন দেব, পঙ্কজ ভট্টাচার্য, সুমন দেব, শাহীন আহমেদসহ আরও কয়েকজন জানান, বাবা মারা যাওয়ার পর থেকে পুলক খুব কষ্ট করে পড়াশোনা করেছেন। কাজের চাপে তিনি প্রতিদিন কলেজে ক্লাস করতে পারতেন না। এদিকে আসামি এমরানকে অবিলম্বে গ্রেপ্তার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল বিকেলে পুলকের সহপাঠী ও এলাকাবাসী শ্রীমঙ্গল পৌর শহরের বিভিন্ন সড়কে মিছিল করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে ক্ষুব্ধ এলাকাবাসী উপজেলার সুরভীপাড়ায় এমরানদের বাড়িতে হামলার চেষ্টা করে। পুলিশের বাধা পেয়ে তারা ওই বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় এলাকাবাসী শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে।