শ্রীমঙ্গলে এক রাতে তিন বাড়িতে ডাকাতি নৈশপ্রহরী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গত শুক্রবার দিবাগত রাতে তিনটি বাড়ি থেকে ডাকাতেরা পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। ডাকাতের গুলিতে এক নৈশপ্রহরী আহত হয়েছেন।চা-বাগানের শ্রমিক ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১২-১৪ জনের সশস্ত্র ডাকাত দল উপজেলার সাতগাঁও চা-বাগানের টাইপিস্ট বিধুভূষণ পালের কোয়ার্টারে হানা দেয়। ডাকাতেরা অস্ত্র দেখিয়ে বিধুভূষণকে বেঁধে একটি কক্ষে আটকে রেখে আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, ৭০০ টাকা ও দুটি মুঠোফোন নিয়ে যায়। ডাকাতি শেষে যাওয়ার পথে বাগানের শ্রমিকেরা ধাওয়া করলে ডাকাতেরা গুলি ছোড়ে। এতে সাতগাঁও চা-বাগানের নৈশপ্রহরী রাধু কৈরি আহত হন। তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই রাতে উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের বাসিন্দা আহাদ মিয়া ও কামারপাড়া গ্রামের বাসিন্দা নৃপেন্দ্র সরকারের বাড়িতেও ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা আহাদের বাড়ি থেকে স্বর্ণালংকার, টিভি, ডিভিডি, মুঠোফোন ও টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে। নৃপেন্দ্রের বাড়ি থেকে লুট করে আড়াই লাখ টাকার মালামাল।